সালাহউদ্দিন আহমদ গণভোটকে প্রতারণা বলছেন: এনসিপি
প্রকাশিত: 25 Apr, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সালাহউদ্দিন আহমেদ একসময় বলেছিলেন সংবিধানে না থাকলেও গণভোট করা যায়, কিন্তু এখন তিনিই একে প্রতারণা বলছেন।
সম্প্রতি এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে রাষ্ট্র সংস্কার এবং গণভোট নিয়ে সংসদে চলমান বিতর্ক প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন। আসিফ মাহমুদ উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের জন্য জনগণের ইচ্ছা জানা অত্যন্ত জরুরি ছিল। তবে এখন রাজনৈতিক দলগুলো সেই প্রক্রিয়া থেকে সরে আসছে।
তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নাম উল্লেখ করে বলেন, তারা এখন গণভোটকে নির্বাচনী কৌশল বলে জনগণের সঙ্গে প্রতারণা করছে। আসলে তারা রাষ্ট্রের কাঠামোগত সংস্কারে বাধা দিচ্ছে। আসিফ মাহমুদ বলেন, রাজনীতিবিদদের সঙ্গে রাজনীতি করা গেলেও জনগণের সঙ্গে রাজনীতি করার ফল ভালো হয় না।
তিনি বলেন, জনগণের রায়ের বিরুদ্ধে এই ধৃষ্টতা দেখানো অত্যন্ত দুঃখজনক। জুলাই সনদ ও গণভোটের মাধ্যমে একটি জনঅংশগ্রহণের প্রক্রিয়া শুরু হলেও এখন সবকিছু অস্বীকার করা হচ্ছে। সংসদ যদি জনগণের আকাঙ্ক্ষিত এই সংস্কার বাস্তবায়ন করতে না পারে, তবে এটি তার নৈতিক আবেদন হারাবে।
আরও পড়ুন: জামায়াত জোটের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ
আসিফ মাহমুদ আরও বলেন, তারা মুখে সংস্কারের কথা বললেও বাস্তবে বিচারক নিয়োগ থেকে শুরু করে সব ক্ষমতা নির্বাহী বিভাগের অধীনে রাখতে চায়। তিনি অভিযোগ করেন, তারা জবাবদিহিতা এড়াতে সংস্কারের অধ্যাদেশগুলো বাতিল করছে কিন্তু নিজেদের ক্ষমতা বৃদ্ধির অধ্যাদেশগুলো রেখে দিচ্ছে।
গণভোটের মতো মীমাংসিত বিষয়ে জনগণের রায়ের বিরুদ্ধে যাওয়ার পরিণাম ভালো হবে না হুঁশিয়ারি দিয়ে এনসিপি মুখপাত্র বলেন, যখন জুলাই সনদ বা গণভোটের মতো বিষয়ে তারা জনগণের রায়ের বিরুদ্ধে যায়, তখন আমাদের রাজপথে নামা বা বিরোধিতা করা ছাড়া উপায় থাকে না। জনগণের রায় বাস্তবায়ন না হলে কোনো রাজনৈতিক সমঝোতা সম্ভব নয়।
টুডে/জা