ছাত্রদল এখন ‘জালিম’ হয়ে গেছে: সাদিক কায়েম
প্রকাশিত: 22 Apr, 2026
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম বলেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোগী ছাত্রদল এখন ‘জালিম’ হয়ে গেছে।
বুধবার (২২ এপ্রিল) চট্টগ্রামের পাঁচলাইশে একটি বেসরকারি হাসপাতালে সিটি কলেজে সংঘর্ষে আহত শিবির নেতা-কর্মীদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। সাদিক কায়েম অভিযোগ করেন, সরকার সুশীল কথা বলে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসীদের লেলিয়ে দিচ্ছে।
আরও পড়ুন: হাসনাতের গাড়ির দাবিতে জামায়াত আমিরের মন্তব্য
তিনি বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানে নব্বইয়ের পুরোনো কালচার ফিরিয়ে আনার চেষ্টা করলে শিবির তা মোকাবিলা করবে। সিটি কলেজে ছাত্রদলের বহিরাগত সন্ত্রাসীরা দেশি অস্ত্র নিয়ে হামলা করার পর পুলিশ নীরব ভূমিকা পালন করেছে।
তিনি সরকারের প্রতি আহ্বান জানান, এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে হবে। আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন সাদিক কায়েম। পরে তিনি লালদীঘিতে চট্টগ্রাম পুলিশ কমিশনারের সাথে সাক্ষাৎ করে দলের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেন।
টুডে/জা