আন্তর্জাতিক

১০৫ বছর বয়সে মাস্টার্স ডিগ্রি অর্জন করলেন ভার্জিনিয়া হিসলপ

প্রকাশিত: 15 Apr, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

১০৫ বছর বয়সে মাস্টার্স ডিগ্রি অর্জন করলেন ভার্জিনিয়া হিসলপ

১০৫ বছর বয়সে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন ভার্জিনিয়া (জিনি) হিসলপ। তিনি স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব এডুকেশন থেকে শিক্ষা বিষয়ে এই ডিগ্রি গ্রহণ করেন।

ভার্জিনিয়ার শিক্ষাজীবনের শুরু হয়েছিল ১৯৪০-এর দশকে, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে তার পড়াশোনা মাঝপথে থেমে যায়। ৮৩ বছর পর অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। জানা গেছে, ভার্জিনিয়া ১৯৪০-এর দশকে স্ট্যানফোর্ডে সব প্রয়োজনীয় কোর্স সম্পন্ন করেছিলেন, কিন্তু মাস্টার্স থিসিস জমা দেওয়ার আগেই যুদ্ধ শুরু হয়।

সেই সময় তার প্রেমিক জর্জ হিসলপ যুদ্ধের ডাকে সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য হন এবং ভার্জিনিয়া তাকে বিয়ে করতে পড়াশোনা ছেড়ে দেন। পরবর্তীতে তিনি যুদ্ধকালীন সহায়তা কাজে অংশ নেন এবং সংসার ও সন্তান প্রতিপালনে মনোনিবেশ করেন।

ভার্জিনিয়া দুই সন্তান, চার নাতি-নাতনি এবং ৯ প্রপৌত্র-প্রপৌত্রীর বড় পরিবার সামলানোর পাশাপাশি বহু বছর ধরে ওয়াশিংটনের বিভিন্ন স্কুল ও কলেজ বোর্ডে দায়িত্ব পালন করেন। তিনি ইয়াকিমা অঞ্চলের স্কুলব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সম্প্রতি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় তাদের থিসিস জমা দেওয়ার বাধ্যবাধকতা তুলে দেয় এবং ভার্জিনিয়ার সম্পন্ন করা কোর্সগুলোর ভিত্তিতে মাস্টার্স ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নেয়। গত ১৬ জুন, স্ট্যানফোর্ডের সমাবর্তন মঞ্চে তিনি শিক্ষা বিষয়ে মাস্টার অব আর্টস ডিগ্রি গ্রহণ করেন।

আরও পড়ুন:  মোসাদের নতুন প্রধান হিসেবে রোমান গোফম্যানের নিয়োগ

স্ট্যানফোর্ডের গ্র্যাজুয়েট স্কুল অব এডুকেশনের ডিন ড্যানিয়েল শোয়ার্টজ যখন তার হাতে ডিগ্রির সনদ তুলে দেন, তখন তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “হে ঈশ্বর, এর জন্য আমি অনেক দীর্ঘ সময় অপেক্ষা করেছি।”

ভার্জিনিয়া পরে গুড মর্নিং আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে জানান, “আমি মনে করি, আমি এটি পাওয়ার যোগ্য ছিলাম, আর এটি পেয়ে আমি ভীষণ আনন্দিত।”

টুডে/জা

এই পোস্টটি শেয়ার করুন: