আন্তর্জাতিক

আর্টেমিস-২ অভিযানে পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী স্থানে পৌঁছালেন নভোচারীরা

প্রকাশিত: 07 Apr, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

আর্টেমিস-২ অভিযানে পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী স্থানে পৌঁছালেন নভোচারীরা

আর্টেমিস-২ অভিযানের চার নভোচারী পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী স্থানে পৌঁছে নতুন রেকর্ড গড়েছেন। সোমবার গ্রিনিচ মান সময় বিকেল ৩টা ৫৮ মিনিটে তারা চাঁদের পেছন দিকের সবচেয়ে দূরবর্তী জায়গায় অবস্থান করেন। তখন তারা পৃথিবী থেকে প্রায় চার লাখ ছয় হাজার ৭৭১ কিলোমিটার দূরে ছিলেন বলে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে।

আরও পড়ুন:  হরমুজ প্রণালিতে ‘অদৃশ্য টোল’ আদায় করছে আইআরজিসি

এর আগে ১৯৭০ সালের এপ্রিলে অ্যাপোলো-১৩ অভিযানের নভোচারীরা পৃথিবী থেকে প্রায় চার লাখ ১৭১ কিলোমিটার দূরে ভ্রমণ করেছিলেন, যা এতদিন রেকর্ড হিসেবে ছিল। নতুন এই রেকর্ড গড়ার সময় পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন নভোচারীরা। প্রায় ৪০ মিনিট পর পুনরায় সংযোগ স্থাপিত হয়।

পুনরায় সংযোগ স্থাপিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভোচারীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি তাদের অভিনন্দন জানান এবং পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার অভিজ্ঞতা জানতে চান। নভোচারী ভিক্টর গ্লোভার জবাবে বলেন, সংযোগ চলে যাওয়ার পর তিনি কিছুক্ষণ প্রার্থনা করেছিলেন, কিন্তু তখনও বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ও তথ্য লিপিবদ্ধ করা লেগেছিল।

কমান্ডার রিড উইসম্যান বলেন, 'আমরা এমন সব দৃশ্য দেখেছি, যা আগে কোনো মানুষ দেখেনি—এমনকি অ্যাপোলো অভিযানের সময়ও নয়।' তিনি আরো যোগ করেন, 'এটা একেবারেই বর্ণনাতীত। আমাদের মস্তিষ্ক সামনে থাকা এই দৃশ্যটি ঠিকমতো প্রক্রিয়াজাত করতে পারছে না।'

ভিক্টর গ্লোভার সূর্যগ্রহণের সময়ের দৃশ্য বর্ণনা করে বলেন, 'সূর্য চাঁদের আড়ালে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই পৃথিবীর আলো দেখা যায়। ওখানে পৃথিবীটি এত উজ্জ্বল, আর চাঁদটি যেন আমাদের সামনে ঝুলে আছে।' তিনি এটিকে 'সাই-ফাই' এবং 'অবাস্তব' বলে উল্লেখ করেন।

ট্রাম্প নভোচারীদের উদ্দেশে বলেন, 'আপনারা যা করছেন, এর আগে মানুষ সত্যিই এ ধরনের কিছু দেখেনি।' তিনি মিশন শেষ করে পৃথিবীতে ফেরার পর নভোচারীদের হোয়াইট হাউসে যাওয়ার আমন্ত্রণ জানান।

টুডে/বা

এই পোস্টটি শেয়ার করুন: