৩০ এপ্রিল ‘নতুন কুঁড়ি’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রকাশিত: 08 Apr, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৩০ এপ্রিল শিশু-কিশোরদের মেধা অন্বেষণমূলক প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’ উদ্বোধন করবেন। নতুন আঙ্গিকে এই প্রতিযোগিতায় খেলাধুলার বিষয়টিও যুক্ত হচ্ছে।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধানমন্ত্রীর সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্রাটেজি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।
আরও পড়ুন: সরকারি চাকরিতে শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস
জাহেদ উর রহমান বলেন, আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি বৈঠক হয়েছে। খুব দ্রুত এটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সারা দেশে ছাত্রছাত্রীদের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি করার জন্য বই পড়ার প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে।
তিনি বলেন, বিএনপি সরকার যখন প্রথম ক্ষমতায় ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় নতুন কুঁড়ি সাংস্কৃতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে শুরু হয়েছিল। এবার খেলাধুলার ক্ষেত্রেও এটার আওতা বাড়ানো হচ্ছে। আরও কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের মেধা অন্বেষণ হবে।
উপদেষ্টা আরও বলেন, আমরা চাই আমাদের তরুণ সমাজকে যত বেশি সম্ভব সৃজনশীল এবং যা তার জন্য ভালো, এরকম কর্মকাণ্ডে প্রতিযোগিতায় নিয়ে আসা। আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী এটার উদ্বোধন করবেন।
টুডে/বা