স্বাধীনতার আকাঙ্ক্ষা দমিয়ে রাখা যায় না: আসিফ মাহমুদ
প্রকাশিত: 25 Mar, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ২৫ মার্চের কালোরাত আমাদের শিখিয়েছে দমন-পীড়ন যতই নির্মম হোক, একটি জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে কখনো দমিয়ে রাখা যায় না। মঙ্গলবার রাতে ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।
আসিফ মাহমুদ বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক ভয়াল, অন্ধকার রাত। এই রাতে পাকিস্তানি সামরিক বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে পরিকল্পিতভাবে নিরস্ত্র বাঙালির ওপর গণহত্যা শুরু করে। ঢাকার আকাশে আগুন জ্বলছিল, আর মাটিতে লুটিয়ে পড়ছিল অসংখ্য প্রাণ।
তিনি বলেন, ইতিহাসের এই অন্ধকার আমাদের শেষ করে দিতে পারেনি। বরং এই কালো রাতই বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলেছিল। সেই রাতের পরই এই দেশের মানুষ দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছিল অন্যায়ের বিরুদ্ধে লড়েই স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে।
এনসিপির মুখপাত্র বলেন, ২৫ মার্চ তাই শুধু শোকের দিন নয়, এটি আমাদের জাগরণের দিন। সাম্প্রতিক সময়েও ১৭ বছরের ফ্যাসিবাদী শাসন, জুলাইয়ের নির্মম গণহত্যা এবং তার বিরুদ্ধে গড়ে ওঠা গণঅভ্যুত্থানে আমরা সেই সত্য আবার প্রত্যক্ষ করেছি।
আরও পড়ুন: তারেক রহমানের ফেরা গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন গতি সঞ্চার করবে
তিনি বলেন, আজও ২৫ মার্চ আমাদের মনে করিয়ে দেয় অন্যায়ের শক্তি যত বড়ই হোক, মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা তার থেকেও বড়। শহীদদের সেই আত্মত্যাগের চেতনা নিয়েই আমরা একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাব।
আজকের এইদিনে ২৫ মার্চ কালোরাতে শহীদ, নির্যাতিত পরিবার এবং মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এনসিপির এ মুখপাত্র।