আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে তৃণমূলের বিপর্যয়, ভবানীপুরে মমতা পিছিয়ে

প্রকাশিত: 04 May, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

পশ্চিমবঙ্গে তৃণমূলের বিপর্যয়, ভবানীপুরে মমতা পিছিয়ে

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিপর্যয় হয়েছে। দলীয় প্রধান ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও নিজ আসন ভবানীপুরে হারের পথে আছেন।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ভবানীপুরের ২০ রাউন্ড ভোট গণনার মধ্যে ১৯ রাউন্ডের গণনা শেষে মমতা তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির শুভেন্দু অধিকারীর চেয়ে ৩ হাজার ৮০০ ভোটের ব্যবধানে পিছিয়ে আছেন। আরেক রাউন্ডের ফলাফলে বড় চমক না দেখালে তিনি হেরে যাবেন।

এর আগে ২০২১ সালে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হেরেছিলেন মমতা। পরে ভবানীপুরে উপনির্বাচনে জয় পেয়ে বিধানসভার সদস্য ও টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হন। তবে এবার তার দলের বিপর্যয়ের কারণে তার শাসনামলের অবসান ঘটতে যাচ্ছে।

পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টি আসনের ভোট গণনা হচ্ছে। একটি আসনে ভোট বাতিল করে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণনাকৃত আসনগুলোর মধ্যে ২০৪টিতে এগিয়ে আছে বিজেপি, আর মাত্র ৮৪টিতে এগিয়ে তৃণমূল।

নির্বাচনের ফলাফল নিয়ে ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এবারের ভোটের মাধ্যমে বাংলায় পরিবর্তন এসেছে। বাংলা ভয় থেকে মুক্ত হয়েছে এবং এখন আত্মবিশ্বাস ও উন্নয়ন দ্বারা পূর্ণ হয়েছে। তিনি বলেন, 'বাংলায় বিজেপির এই সাফল্যের কৃতিত্ব আমি বাংলার সাধারণ মানুষকে উৎসর্গ করছি। বাংলার এই পবিত্র ভূমিতে এক নতুন সূর্যোদয় হয়েছে।'

আরও পড়ুন:  কে এই মারিয়া কোরিনা? জানুন এবারের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর কথা

পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর নারীরা তৃণমূল ও ডিএমকে-কে শাস্তি দিয়েছে উল্লেখ করে মোদি বলেন, 'আমি কিছুদিন আগেই বলেছিলাম যে নারীদের জন্য সংরক্ষিত আসনের বিরোধিতা যারা করবে, তাদের নারীশক্তির রোষানলে পড়তে হবে। আমাদের দেশের মা-বোনেরা এখন কংগ্রেস, তৃণমূল এবং ডিএমকে-কে সেই শাস্তিই দিয়েছে।'

এই পোস্টটি শেয়ার করুন: