ভারত সফরে পররাষ্ট্রমন্ত্রী, সম্পর্ক স্বাভাবিক করতে চায় বিএনপি সরকার
প্রকাশিত: 07 Apr, 2026
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মঙ্গলবার প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন। বিএনপি সরকার গঠনের পর এই সফরের মাধ্যমে দু'দেশের মধ্যে গত দেড় বছরের 'টানাপোড়েন' কাটিয়ে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ঢাকা।
আরও পড়ুন: হরমুজ প্রণালিতে ‘অদৃশ্য টোল’ আদায় করছে আইআরজিসি
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, 'হাসিনার আর ভারতের সম্পর্ক তো আর হবে না। হাসিনা তো বাংলাদেশে নন এক্সিসটেন্ট, রাজনৈতিকভাবে মরে গেছে আজকে প্রায় অনেকদিন হয়ে গেছে। হাসিনা আর আওয়ামী লীগ বলতে বাংলাদেশে কিচ্ছু নাই। সো, এটা হচ্ছে একটা নিউ সম্পর্ক বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া।' তিনি পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দিল্লি যাচ্ছেন।
প্রায় ৪৮ ঘণ্টার সফরে খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। দু'দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ, জ্বালানি সংকট মোকাবিলায় সহযোগিতা, ভিসা সমস্যার সমাধান, সীমান্ত হত্যা বন্ধ এবং গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।
ভারত সফর শেষে খলিলুর রহমান ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে মরিশাস যাবেন। আগামী ১১ই এপ্রিল পোর্ট লুইসে 'ইন্ডিয়ান ওশান কনফারেন্সে' অংশ নিতে তিনি সেখানে যাচ্ছেন। দিল্লিতে তার বৈঠকের তালিকায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পেট্রোলিয়াম মন্ত্রী হারদীপ সিং পুরী রয়েছেন।
বিএনপি সরকারের ক্ষমতা গ্রহণের পর এই সফরকে দু'দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। হুমায়ুন কবির বলেন, 'আমরা এটা যত ওপেন এবং ক্লিয়ারলি এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ থাকবে, তত সাম অব দি চ্যালেঞ্জিং ইস্যুস ইউ মে বি অ্যাবল টু রিসলভ। ফিউচারে আমরা কীভাবে কোলাবোরেট করতে পারি। পিপল টু পিপল সম্পর্ক করতে পারি।'
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় ভারতের সহযোগিতা এই বৈঠকের আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির ভিসা ইস্যু আলোচনায় জায়গা পেতে পারে বলে উল্লেখ করেন। গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ ডিসেম্বরে শেষ হতে যাওয়ায় তা নবায়ন নিয়েও আলোচনা হতে পারে।
অতীতে আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সমর্থন এবং জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ইস্যুতে দু'দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। নির্বাচনের পর ভারত নতুন সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছিল। খালেদা জিয়ার মৃত্যুতে এস জয়শঙ্করের ঢাকা সফর এবং বিএনপি সরকারের শপথে ওম বিড়লার উপস্থিতি সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দেয়।
সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, 'পররাষ্ট্রমন্ত্রীর এই সফর সেটিরই ধারাবাহিকতা বলা যায়। টানাপোড়েন কাটিয়ে দু'দেশের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।' ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর বলেন, 'দু'পক্ষই এখন অনুধাবন করেছে, এটা পাল্টানো দরকার।' পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর সেই বাস্তবতারই প্রতিফলন বলে তিনি মনে করেন।
টুডে/বা