নির্বাচন প্রমাণ করেছে মানুষ বিএনপিকে ভালবাসে: ড. মঈন খান
প্রকাশিত: 13 Feb, 2026
বাংলাদেশের মানুষ রাজনীতিতে কখনও ভুল করে না, এই নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালবাসে বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার চরনগরদীতে নিজ বাড়িতে নির্বাচনপরবর্তী প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন। এর আগে সকালে তিনি পরিবারসহ মৃত মা-বাবার কবর জিয়ারত করেন। পরে বাড়ির পাশে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি বলেন, এ নির্বাচনকে ঘিরে সামাজিক মাধ্যমে কতকিছু বলা হয়েছিল, অনেক জরিপ হয়েছে, এই হবে-সেই হবে, কত গল্পগুজব সামাজিক মাধ্যমে দেখেছি। কিন্তু দেশের মানুষ কিন্তু সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে। দেশে যতবার রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, প্রত্যেকবার দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, আমরা রাজনৈতিকরা যখন ভুল করেছি, অর্থনীতিবিদরা যখন ভুল করেছি, আমাদের বুদ্ধিজীবীরা যখন ভুল করেছে, শিক্ষক সমাজ যখন ভুল করেছে, এলিট শ্রেণি যখন ভুল করেছে তখন বাংলাদেশের আপামর মানুষ ভুল করেনি।