গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন
প্রকাশিত: 13 Dec, 2025
গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ রায়হান। তিনি বলেন, ‘ক্রিটিক্যাল বলতে যা বোঝায়, তাই। তবে, তিনি বেঁচে আছেন।’
হাদির অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। ডা. জাহিদ জানান, নাক ও মুখ থেকে রক্তক্ষরণ শুরু হয়েছিল।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে এক গণমাধ্যমকে তিনি বলেন, ‘অপারেশন চলার সময়ে আমাদের অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞরা বলেছেন উনার এফোর্ট আছে। এর মাধ্যমে বোঝা যায় যে উনি বেঁচে আছেন।’
ডা. জাহিদ আরও বলেন, ‘এখনো আমাদের রোগীর ব্যাপারে কোনো আশার কথা বলবো না, তবে উনি এখনও বেঁচে আছেন, বাকিটা আল্লাহর ইচ্ছা।’ হাদির স্বজনরা তাকে ভালো আইসিইউ সাপোর্টের জন্য এভারকেয়ার হাসপাতালে নিয়ে যেতে চাইছেন বলে জানান তিনি।
তিনি উল্লেখ করেন, ‘যদি বুলেট ভেতরে থেকেও যায়, ধরে নিলাম সেটা মগজের ভেতরে আছে। তবে বুলেটটা বের হয়ে গেছে। এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে, কিন্তু ব্রেনের ভেতরে কিছু ফ্রেগমেন্ট রয়ে গেছে।’
শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে আহত করেন অস্ত্রধারীরা। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে রাত ৮টায় আইসিউ অ্যাম্বুলেন্স করে তাকে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।