ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট
প্রকাশিত: 30 Jan, 2026
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী ৫ ফেব্রুয়ারি থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন দলের একটি নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এই টুর্নামেন্টে জাতীয় দলের ক্রিকেটাররা ছাড়াও এইচপি এবং 'এ' দলের ক্রিকেটাররা অংশ নেবেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম জানিয়েছেন, উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে আলোচনা করে বিসিবি এই টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে, যেখানে ক্রিকেটারদের জন্য ভালো পেমেন্টের ব্যবস্থা থাকবে। তিনি বলেন, 'আর্থিক বিষয় তো জড়িয়ে আছে-ই। কিন্তু সবার আগে নিরাপত্তার বিষয়। দেশেই আমরা আরেকটি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।'
বাংলাদেশ নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি হয়নি, ফলে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পরিস্থিতিতে জাতীয় দলের খেলোয়াড়দের ক্ষতি পুষিয়ে দিতে এবং তাদের প্রতিযোগিতামূলক ক্রিকেটে সক্রিয় রাখতে নতুন টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাহবুব-উল-আলম আরও বলেন, 'জাতীয় দলে তো শুধু ১৫-২০ জন খেলোয়াড়। একটা টুর্নামেন্ট আয়োজন করলে এর বাইরেও যারা আছে তাদেরও নিতে হবে। যারা বিশ্বকাপ দলে ছিলেন তারা তো থাকবেন-ই, এর বাইরে প্রমিনেন্ট ক্রিকেটাররাও থাকবেন।'