বিএনপির মনোনীত প্রার্থীর চেয়ে তার স্ত্রীর জমি দ্বিগুণ
প্রকাশিত: 01 Jan, 2026
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের চেয়ে তাঁর স্ত্রীর নামে জমির পরিমাণ প্রায় দ্বিগুণ। গত ২৮ ডিসেম্বর কুমিল্লার দাউদকান্দিতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
হলফনামার তথ্য অনুযায়ী, ড. খন্দকার মোশাররফ হোসেনের মোট সম্পদের পরিমাণ ২০ কোটি ১৫ লাখ ৫ হাজার ১৭১ টাকা। অন্যদিকে তাঁর স্ত্রীর সম্পদের পরিমাণ ১৫ কোটি ৫ লাখ ৪৫ হাজার ২৯৭ টাকা। এছাড়া বিয়ের সময় উপহার হিসেবে পাওয়া ৪০ ভরি স্বর্ণও রয়েছে স্ত্রীর নামে।
ড. খন্দকার মোশাররফ হোসেনের নামে রয়েছে ১৪৩ শতক কৃষিজমি ও ২৩ শতক অকৃষিজমি। এসব জমির অর্জনকালীন মূল্য ধরা হয়েছে ৭৮ লাখ ১৪ হাজার ৭৫০ টাকা। ঢাকার গুলশানে ৫ কাঠা জমির ওপর ছয়তলা একটি বাড়ি রয়েছে, যার মূল্য উল্লেখ করা হয়েছে ২ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ৯৩৪ টাকা।
স্ত্রীর নামে রয়েছে ২৭০ দশমিক ৩২ শতক কৃষিজমি এবং ১০ কাঠা ৭ শতক অকৃষিজমি। এসব জমির মূল্য দেখানো হয়েছে ১১ লাখ ৯৯ হাজার ৩ হাজার ৮৫০ টাকা। স্ত্রীর নামে ঢাকায় দুটি বাড়ি রয়েছে, যার মূল্য ৩ কোটি ৭১ লাখ ৯০ হাজার টাকা। এ ছাড়া ঢাকার গুলশানে তাঁর নামে একটি ফ্ল্যাট রয়েছে, যার মূল্য ১৮ লাখ ৮০ হাজার টাকা।
ড. খন্দকার মোশাররফ হোসেনের নামে দুটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে। তাঁর হাতে নগদ অর্থ রয়েছে ৩৮ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা। স্ত্রীর কাছে নগদ অর্থের পরিমাণ ৯ লাখ ৫ হাজার ১৬৭ টাকা। যানবাহনের হিসাবে তাঁর নামে রয়েছে একটি পাজেরো জিপ ও একটি হার্ড জিপ হুন্দাই গাড়ি। আর তাঁর স্ত্রীর নামে রয়েছে একটি হার্ড জিপ হুন্দাই গাড়ি।
হলফনামায় পরিবারের সদস্যদের সম্পদের বিবরণও উল্লেখ করা হয়েছে। বড় ছেলে খন্দকার মাহবুব হোসেনের সম্পদের পরিমাণ ৫ কোটি ৪৬ লাখ ৭৯ হাজার ৫৭ টাকা। ছোট ছেলে খন্দকার মারুফ হোসেনের সম্পদের পরিমাণ ৪ কোটি ২৮ লাখ ৭১ হাজার ৭৭১ টাকা। আর মেয়ে মাহজাবিন খন্দকারের সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ২ কোটি ৩৫ লাখ ৫৭ হাজার ৪৫৭ টাকা।
হলফনামায় জানানো হয়, ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মোট ১৯টি মামলা হয়েছিল। এসব মামলার অধিকাংশই আদালতের আদেশে স্থগিত, প্রত্যাহার অথবা চূড়ান্ত প্রতিবেদন (এফআরটি) গ্রহণের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। বর্তমানে এসব মামলার কোনোটি তাঁর সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে আইনগত বাধা নয় বলেও হলফনামায় ঘোষণা দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ড. খন্দকার মোশাররফ হোসেন। একই আসনে তাঁর ছেলে খন্দকার মারুফ হোসেনও মনোনয়নপত্র দাখিল করেছেন।