খেলা

বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন নেইমার, অনিশ্চিত দলে ফেরা

প্রকাশিত: 22 Dec, 2025

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন নেইমার, অনিশ্চিত দলে ফেরা

ব্রাজিলের ফুটবল তারকা নেইমার জুনিয়র ২০২৬ বিশ্বকাপে দলকে জেতাতে সবকিছু করার ঘোষণা দিয়েছেন। সাও পাওলোতে ‘তারদেজিনিয়া’ সংগীত আয়োজনের মঞ্চে তিনি বলেন, ‘আমরা ব্রাজিলে বিশ্বকাপ আনার জন্য সবকিছু করব। সম্ভব আর অসম্ভব– সব কিছুই।’ তিনি ফাইনালে গোল করারও প্রতিশ্রুতি দিয়েছেন।

২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি মার্চে ফিফা উইন্ডোর পর স্কোয়াড সাজাবেন বলে জানিয়েছিলেন। আসন্ন প্রীতি ম্যাচে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলার পর চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে।

নেইমার ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এসিএল চোটে পড়ার পর থেকে জাতীয় দলে খেলছেন না। আনচেলত্তি বলেছেন, নেইমার সেরা শারীরিক ফর্মে ফিরলে তাকে বিবেচনায় নেওয়া হবে। তবে নেইমারের সাম্প্রতিক মেনিস্কাস চোটের কারণে আবার অস্ত্রোপচার হয়েছে।

সান্তোস ক্লাব জানিয়েছে, সোমবার ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমারের তত্ত্বাবধানে নেইমারের আর্থ্রোস্কপি সার্জারি করা হয়েছে। তাকে হাসপাতাল থেকে ছাড়ার পর ফিজিওথেরাপিস্টের পর্যবেক্ষণে পুনর্বাসন প্রক্রিয়ায় রাখা হবে। সংবাদমাধ্যম ‘গ্লোবো’র প্রতিবেদন অনুযায়ী, পুরোপুরি সেরে উঠতে তার এক মাস সময় লাগতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন: