তারেক রহমানের ফেরায় নেতাকর্মীদের জন্য সাত রুটে বিশেষ ট্রেন চায় বিএনপি
প্রকাশিত: 18 Dec, 2025
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাকায় নেতাকর্মীদের জমায়েতের জন্য সাতটি রুটে স্পেশাল ট্রেন বা অতিরিক্ত বগি রিজার্ভ চেয়ে রেলপথ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দলটি। তারেক রহমানের ২৫ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে। ২৪ ডিসেম্বর দিবাগত রাতে বিএনপি এই রিজার্ভ ট্রেন বা বগি চেয়েছে।
দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে সাতটি রুটে স্পেশাল ট্রেন বা অতিরিক্ত বগি রিজার্ভ করার অনুরোধ করা হয়েছে। চিঠিতে কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাইনব্বাগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নিলফামারী-পার্বতীপুর-ঢাকা ও কুড়িগ্রাম-রংপুর-ঢাকা রুটের জন্য একটি করে স্পেশাল ট্রেন বা অতিরিক্ত বগি রিজার্ভ করার অনুরোধ জানানো হয়। সরকারি নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট ভাড়া পরিশোধ করার কথাও বলা হয়েছে চিঠিতে।