জাতিসংঘের প্রতিবেদক: ফিলিস্তিনিদের নির্যাতনে ইসরাইলকে লাইসেন্স দিয়েছে বিশ্ব
প্রকাশিত: 25 Mar, 2026
জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ অভিযোগ করেছেন, ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চালানোর জন্য ইসরাইলকে ‘লাইসেন্স’ দিয়েছেন বিশ্বনেতারা। তিনি বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বাসিন্দাদের জীবন এখন শারীরিক ও মানসিক যন্ত্রণার ধারাবাহিকতার শামিল।
আরও পড়ুন: ট্রাম্প তোমাকে বরখাস্ত করা হলো: ইব্রাহিম জুলফাগারি
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নিয়োজিত জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ সোমবার বলেছেন, এই ভূখণ্ডে ইসরাইলের অব্যাহত নির্যাতন কার্যত ‘রাষ্ট্রীয় নীতিতে’ পরিণত হয়েছে। জাতিসংঘ মানবাধিকার পরিষদে তার সর্বশেষ প্রতিবেদন উপস্থাপনকালে তিনি বলেন, ‘ইসরাইলকে কার্যত ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চালানোর লাইসেন্স বা অনুমতিপত্র দেওয়া হয়েছে। আর এই অনুমতি দিয়েছে বেশিরভাগ দেশের সরকার এবং তাদের মন্ত্রীরা।’
‘নির্যাতন ও গণহত্যা’ শিরোনামের প্রতিবেদনে আলবানিজ বলেন, ‘যা একসময় আড়ালে চলত, তা এখন প্রকাশ্যে চর্চা করা হচ্ছে। এটি সংগঠিত অপমান, যন্ত্রণা ও অবমাননার এক শাসনব্যবস্থা, যা সর্বোচ্চ রাজনৈতিক স্তর থেকে অনুমোদিত।’ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নির্যাতন শুধু কারাগার বা জিজ্ঞাসাবাদ কক্ষেই সীমাবদ্ধ নয়; বরং ব্যাপক স্থানচ্যুতি, অবরোধ, সাহায্য ও খাদ্য সরবরাহ বন্ধ, লাগামহীন সামরিক ও বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং সর্বব্যাপী নজরদারি ও সন্ত্রাসের সম্মিলিত প্রভাবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড একটি গণশাস্তির স্থানে পরিণত হয়েছে, যা অধিকৃত জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদি মানসিক ও শারীরিক পরিণতি বয়ে আনে।
এদিকে জাতিসংঘে ইসরাইলের মিশন আলবানিজের প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়েছে এবং তাকে ‘বিশৃঙ্খলার দূত’ বলে আখ্যা দিয়েছে। মিশনটি এক বিবৃতিতে বলেছে, ‘আলবানিজ তার জাতিসংঘের মঞ্চকে অপব্যবহার করে তীব্র ইহুদি-বিদ্বেষে লিপ্ত হন, যার মধ্যে হলোকস্টের বিকৃতি ও তুচ্ছকরণের মতো আখ্যান প্রচারও অন্তর্ভুক্ত।’